শ্যামলবাংলা ডেস্ক : ৩ দুর্র্ধষ জেএমবি নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ অর্থদাতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৪ মার্চ বৃহস্পতিবার গভীররাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জঙ্গি ছিনতাইয়ের দিন ব্যবহৃত একটি মোটরসাইকেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুই অর্থদাতা হলেন- জেএমবি পুনরুজ্জীবিত করার নেপথ্যের পোশাক ব্যবসায়ী রাহাত ও অমিত। ডিএমপি জানিয়েছে, দুপুরে এ সর্ম্পকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গোয়েন্দা সূত্র জানায়, ময়মনসিংহের ত্রিশাল থেকে প্রিজনভ্যানে থাকা ৩ জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুটি মাইক্রোবাসসহ ৪ টি গাড়ি ব্যবহার করা হয়েছিল। এই ৪ টি গাড়ি কেনার টাকা জেএমবিকে সরবরাহ করেন অর্থদাতারা।
উলেখ্য, ২৩ ফেব্রুয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। ঘটনার দিন বিকেলে রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদকে টাঙ্গাইলের সখিপুর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতেই তিনি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।




