যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ঘিবা গ্রামে আত্মীয় পরিচয়ে এক বাড়িতে ঢুকে ওই বাড়ির গৃহবধূকে অজ্ঞান করে ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে উদ্ধার করেছে।
সীমান্তের ইছামতি নদী থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় বেনাপোল বন্দর থানায় ৩ পাচারকারীর নাম উলেখ্য করে অপহরণ ও পাচার আইনে মামলা হয়েছে।
আসামিরা হচ্ছেন শার্শার দৌলতপুর গ্রামের সোহারব আলীর ছেলে কবির হোসেন (২৭), মতিউরের ছেলে জিয়াউর (২৫) এবং গাতিপাড়া গ্রামের কওছারের ছেলে ইলিয়াছ (২৭)।
গৃহবধু জানান, তার স্বামী বাড়িতে ছিল না এ খবর পেয়ে ৩ যুবক আত্মীয় পরিচয় দিয়ে শনিবার রাতে তাদের বাড়িতে আসে। এসময় ঘরের দরজা খুলে দিলে তারা চেতনানাশক দ্রব্য মুখের কাছে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। পরে তাকে একটি মোটর সাইকেলের মাঝখানে উঠিয়ে ভারতে পাচারে উদ্দেশ্যে শার্শার পুটখালী সীমান্তের চরের মাঠে রেখে ভারতের ইছামতি নদীতে নৌকা ডাকতে যায়।
এ সময় গৃহবধূর জ্ঞান ফিরে আসলে সে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছেলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে তার স্বামীকে জানায়। পুটখালী ক্যাম্প বিজিবি’র সদস্যদের সহযোগিতা নিয়ে স্ত্রীকে ইছামতি নদীর পাশে একটি বাগান থেকে উদ্ধার করে। বিজিবি সদস্যদের অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম রাত ৮ টায় অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত ৩ যুবকের নামে মামলা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।




