কুমিলা প্রতিনিধি : ঢাকা পিলখানা হত্যাকান্ডের ঘটনায় বিডিআরের সাজাপ্রাপ্ত সদস্য মো. সোলায়মান (৬১) নামে এক আসামির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। কুমিলা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বুধবার রাতে হঠাৎ করে বুক ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মো. সোলায়মান কুমিলার দাউদকান্দি উপজেলার সেন্দি গ্রামের মৃত আনছার আলী ফকিরের ছেলে। কুমিলার কেন্দ্রীয় কারাগারের জৈষ্ঠ জেল সুপার সুবোধ রঞ্জন সাহা জানান, মো. সোলায়মান বিডিআর বিদ্রোহের মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খুলনা কেন্দ্রীয় কারাগার থেকে ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর কুমিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হয়ে আসেন। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে সাজা শেষে তার মুক্তি পাওয়ার কথা ছিল।




