লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে চলতি মৌসুমের শেষ সময়ে আলু ক্ষেতে অজানা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। দুই এক দিন পরপর কৃষকরা কীটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে দিশেহারা হয়ে পড়েছেন আলু চাষিরা। এই রোগ প্রায় এক সপ্তাহ থেকে শুরু করে ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়ে সাবাড় হয়ে যাচ্ছে অত্র জেলার কালীগঞ্জ উপজেলার শত শত হেক্টর আলুক্ষেত। এখন থেকে এক মাসের ব্যবধানে তিন দফায় শৈত্যপ্রবাহের পর সূর্য্যরে তাপ বৃদ্ধি পাওয়ায় আলুর গাছের পাতা কালচে হয়ে ঝরে পড়ছে। শুধু গাছের ডাটা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না।

কালীগঞ্জ উপজেলার বানীনগর গ্রামের আলু চাষি নরেন্দ্র নাথ জানান, গত পাঁচ-সাত দিনের ব্যবধানে আলুর গাছের পাতা কালচে হচ্ছে এবং পাতা সব ঝড়ে পড়ছে। শুধু গাছের ডাটা ছাড়া কোন কিছুই থাকছে না। একই কথা জানিয়ে উত্তর দলগ্রামের বিপ্লব রঞ্জন বলেন, তিনি চলতি মৌসুমে কয়েক বিঘা জমিতে আলুর প্রজেক্ট করেছেন। উচ্চ দামে বীজ ও সার ক্রয় করে নানা সমস্যার সংকটের মধ্য দিয়ে সেরে উঠতে না উঠতেই হঠাৎ করে মাত্র কয়েক দিনের ব্যবধানে আলুক্ষেতে অজানা ভাইরাস রোগ দেখা দিয়েছে।




