সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে মাদকাসক্ত পুত্র আব্দুল মান্নান বাবু নামের এক যুবক কে ধরে দিলেন মা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। সে সদরের দোয়ানীপাড়ার মৃতঃ জয়নাল আবেদীনের পুত্র।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, সদরের দোয়ানীপাড়ার বাসিন্দা আব্দুল মান্নান বাবু দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিল। পারিবারিক ভাবে তাঁকে নিষেধ করে মাদকসেবন বন্ধ না করতে পারায় গতকাল রোববার সকালে তাঁর মা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে এএসআই এমমাদুল হক সঙ্গীয় ফোর্সসহ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে গাঁজা সেবন অবস্থায় আব্দুল মান্নান বাবু কে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।




