মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুর ক্যাম্প ইনচার্জ এএসআই মজনুর বিরুদ্ধে অভিযোগ এনে ও তার অপসরন দাবী করে গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলীর নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ মেহেরপুর-কুষ্টিয়া সড়ক প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে ওসি মাছুদুল আলমের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত ওই অবরোধ কর্মসূচী পালন করা হয়। ওই সময় দূর্ভোগে পড়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের যাত্রীরা।
গাংনী পৌরসভার মেয়র মেয়র আহমেদ আলী জানান, হেমায়েতপুর ক্যাম্প ইনচার্জ এএসআই মজনু সড়কে সরকারি গাছ কাটা ও মাদক ব্যবসার সহযোগিতা করাসহ এলাকার নিরাপরাধ মানুষকে আটক করে হয়রানী ও অর্থ বানিজ্য করে। বৃহস্পতিবার বিকেলে মজনুর চক্রান্তে ডিবি পুলিশ গাংনীর চাঁদপুর গ্রাম থেকে ওই গ্রামের আব্দুর রব ও ঠান্ডু মিয়াকে গ্রেফতার করে। আহমেদ আলীসহ অবরোধকারীরা তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন ও এএসআই মজনুর অপসরন দাবী করেন। বিকেল সাড়ে ৫ টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে ওসি মাছুদুল আলমের আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যে ৭টায় অবরোধকারীরা অবরোধ তুলে নিলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।




