খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা সুরিহাড়া গ্রামে দাড়িয়া নদীর উপর একটি বাশের সাকো। এ বাশের সাকোর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন শতশত গ্রামবাসী জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকে। সুরিহাড়া, শালধা, চতল, বনগাও ও হাতিবান্দা গ্রামের শতাধিক পরিবারের লোকজনের যাতায়াত এ বাশের সাকোর উপর দিয়ে। একটি মাত্র বাশ দিয়ে তৈরী এ সাকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশু কিশোর ও বৃদ্ধারা।

গ্রামবাসীরা জানান, এ সাকোর উপর দিয়ে পারাপার হতে গিয়ে মাঝেমধ্যেই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারীদের। স্বাধীনতার ৪২ বছরেও এ নদীর উপর একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। সুরিহাড়া গ্রামের মিষ্টার আলীসহ গ্রামবাসীদের কথা হলে অনেকেই আক্ষেপের সুরে বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা আমাদের কাছে আসে ভোট নিতে। অনেকেই প্রতিশ্রæতি দেয় আমাদের যাতায়াতের পথে ব্রীজ নির্মাণ করে দেয়ার। কিন্তু নির্বাচনের পর কেউ আর গ্রামবাসীদের খোজ-খবর নেয় না। এখানে একটি ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।




