চুয়াডাঙ্গা সংবাদদাত :চুয়াডাঙ্গার সরোজগঞ্জে করিমন (ভটভটি) উল্টে সোনিয়া খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় মা বিলকিস খাতুন (৩২) আহত হন। শুক্রবার রাত ৭টায় সদর উপজেলার হানুবাড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সোনিয়া সদর উপজেলার মাহমুদ জুমা গ্রামের দুবাই প্রবাসী হাফিজুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৭টার দিকে সদর উপজেলার হানুবাড়াদিয়া পিত্রালয় থেকে বিলকিস খাতুন তার শিশু কন্যা সোনিয়া খাতুনকে সঙ্গে নিয়ে করিমন (ভটভটি) যোগে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। করিমনটি সরোজগঞ্জ সাদেমুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে ঢেউখোলা নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে করিমনটি উল্টে যায়। এতে মা বিলকিস খাতুন ও মেয়ে সোনিয়া খাতুন গুরুতর আহত হয়। পরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ১০টায় চুয়াডাঙ্গা চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার মৃত্যু হয়।




