এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার টেঙ্গরপাড়া সানের বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতেএকটি দুর্গা মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মন্দিরে রক্ষিত কার্তিক, গনেশ ও লক্ষদেবী মুর্তি পুড়ে যায়। এছাড়াও একই এলাকায় একটি হিন্দুবাড়ীতে ৪/৫টি মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে ভূক্তভোগীরা জানান। খবর পেয়ে পলাশ আসনের বর্তমান এমপি কামরুল আশরাফ খান পোটন ও সাবেক এমপি তার বড় ভাই ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে গিয়ে বলেন, পলাশ একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে হিন্দু মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি তাৎক্ষণিকভাবে মুর্তি তৈরী করার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন এবং যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।
নরসিংদীর এএসপি সার্কেল জহিরুল ইসলাম ও পলাশ থানার ওসি মামুনুর রশিদ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে হিন্দু অধ্যুষিত এ এলাকায় চুরি করতে গেলে ৩ চোরকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে চোরের আত্মীয়-স্বজন ও স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে দলবদ্ধভাবে হামলা চালিয়ে এবং হিন্দু লোকদেরকে মারধোর করে আটককৃত চোরদেরকে ছিনিয়ে নিয়ে যায়। এরপরই আগুন ও ভাংচুরের ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ ওই নেতার নেতৃত্বেই অগ্নিকান্ড ও মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে।
পলাশ থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।




