এম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। বড় বালিজুরি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী সুলতান আলীর হাতে লাল মিয়ার স্ত্রী শমেলা বেগম লাঞ্ছিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে ২৩ জানুয়ারী শমেলা বেগম বাদী হয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে প্রকাশ, অভিযোগকারী ওই কর্মকর্তার অধিনস্ত বালিজুরি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী সুলতান আলী তার সঙ্গীয় লোকজন নিয়ে ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অপরাধে ১৩ জানুয়ারী সকাল ৮টায় তার বাড়ীতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিলে প্রতিবাদ করায় সুলতান গং তাকে টানা-হেচড়া করে অর্ধউলঙ্গ করত: মাটিতে ফেলে দিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। ফলে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় হুমকি দেয় যে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাকে জীবনে শেষ করে ফেলবে। এ ঘটনার বিষয়ে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করেন অভিযোগকারী। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে অবগত হয়ে ওই কর্মচারীকে ৩ দিনের মধ্যে কারণ দর্শাও নোটিশ ইস্যু করা হয়েছে। জবাবপ্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




