শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে কলেজছাত্রীকে উত্যক্ত করার দায়ে মিজানুর রহমান (১৮) নামে এক বখাটেকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন ওই দন্ড প্রদান করেন। জানা যায়, শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের এক কলেজছাত্রীকে দীর্ঘদিন যাবত তার প্রতিবেশি বখাটে মিজান, ছানু ও শাজাহান উত্যক্ত করে আসছিল। শনিবার রাতে বখাটেরা ওই কলেজছাত্রীর বাড়িতে প্রবেশ করে তার শ্লীলতাহানীর চেষ্টা করে। ওই সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্ষা করলেও বখাটেরা দ্রুত সটকে পড়ে। পরে সংবাদ পেয়ে শ্রীবরদী থানা অভিযান চালিয়ে বখাটে মিজানকে আটক করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্যদের আটকের চেষ্টা চলছে।




