পাবনা প্রতিনিধি : উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সাথে পাবনার প্রায় সব ক’টি উপজেলায় শীত মৌসুমের ও নতুন বছরের প্রথম বৃষ্টি হয়েছে। শনিবার রাত সোয়া আটটার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হওয়ার কারণে এ অঞ্চলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।
বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এসময় উত্তরের দিকে থেকে হিমেল বাতাস প্রবাহিত হয়। সন্ধ্যায় ছিটে ফোটা হলেও রাত আটটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।
ঈশ্বরদীর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, শনিবার রাতে ঈশ্বরদীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হঠাৎ করে বৃষ্টিপাত হয়েছে।




