নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে দাফনের ৬ মাস পর কবর থেকে মা ও ছেলের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি বখশিগঞ্জ গ্রামের কবর থেকে এই লাশ উত্তোলন করা হয়। নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ বেগমের উপস্থিতিতে তাদের লাশ উত্তোলন করা হয়। ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী বেবী আকতার (৩৩) ও তার চার মাসের শিশু বরকতউল্লাহ। পুলিশ জানায়, ২০১৩ সালের ২০ জুলাই ওই গ্রামের দুই জন মারা যায়। তাদের দাফন সম্পন্ন হলেও বেবী আকতারের বাবা দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের জালাল উদ্দিন বাদী হয়ে ৮ ডিসেম্বর নীলফামারী চিফ জুডিশিয়াল আদালতে জামাতা আব্দুর রহমানসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে হত্যা মামলাটি নীলফামারী থানায় নথিভূক্ত করা হয়। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার জানান, তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে বাদীর এমন অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়।




