আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদর সান্তাহার পৌর শহর ও রেলগেইটসহ দু’শতাধিক পয়েন্টে দাবা ও কেরম বোর্ডের নামে অবাধে জুয়া খেলা চললেও এই সর্বনাশা খেলা বন্ধের কোন উদ্যোগ গ্রহন না করায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই খেলায় স্কুল ফাঁকি দিয়ে কোমলমতি ছাত্রসহ অনেক বেকার ও বখাটে যুবকরা ধাবিত হয়ে সর্বস্ব হারিয়ে বেছে নিচ্ছেন অপরাধ প্রবনতার কাজ। ফলে অভিভাবক মহল তাদের সন্তানদের নিয়ে শংকিত হয়ে পড়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে ,আদমদীঘি সদরের বাসষ্ট্যান্ড, সোনালী ব্যাংকের সামনে. সান্তাহার রেলওয়ে গেট হকার্স মার্কেট, হার্ভে গালর্স স্কুল মোড়, সান্দিড়া, সান্তাহার টিকিট কাউন্টারের পার্শ্বে, কুসুম্বী হাটখোলা, বিহিগ্রাম বাজার, কড়ই হাটখোলা, ডহরপুর, শাওইল বাজার, ছাতিয়ানগ্রাম বাজার, মুরইল বাজার, পশ্চিম সিংড়া ঢাকা রোড, কুন্দগ্রাম, জিনইর দরগাতলি, নশরতপুর বাজার, ছাতনি বাজার, তেতুলিয়া, ঢেকড়া রেল ব্রীজের পার্শ্বেসহ প্রায় দু’শতাধিক পয়েন্টে এক শ্রেনীর যুবক দাবা ও কেরাম বোর্ড বসিয়ে অভিনব পন্থায় টাকার বিনিময়ে জুয়া খেলা চালিয়ে আসছে। এসব দাবা ও কেরামের মাধ্যমে জুয়া খেলার প্রবনতা চলায় এলাকার ছিচকে চুরিসহ নানা অপরাধ বেড়ে চলেছে। এই অভিনব পন্থায় জুয়া খেলার আসরে এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররাও বিদ্যালয় ফাঁকি দিয়ে ও অধিকাংশ বেকার ও বখাটে যুবকরা অংশ নিচ্ছে। এলাকাবাসি অবিলম্বে এই প্রবনতা বন্ধের দাবি জানান।




