কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে নির্বাচন বিরোধী দুর্বৃত্তরা হত্যার গুজব ছড়িয়ে উপজেলার গড়ভাঙ্গা বাজারের ২০টি দোকানে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করে তান্ডব চালিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ভোট দিতে আসা জনগনকে বাধা সৃষ্টি করায় উপজেলার গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল বাহারের সাথে পাশ্ববর্তী মাদারডাঙ্গা গ্রামের বিএনপি কর্মী ফারুক ও গড়ভাঙ্গা গ্রামের জামায়াত কর্মী আব্দুর রাজ্জাকের বাকবিতন্ডা হয়। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়েছে বলে বিএনপি জামায়াত কর্মীরা এলাকায় অপপ্রচার চালায়। এরই জের ওই দিন রাত ৯টার দিকে গড়ভাঙ্গা বাজারে আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে জামায়াত বিএনপি নেতাকর্মীদের দু’দফা সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে, সোমবার ভোরে পূর্বপরিকল্পিত ভাবে বিএনপি ও জামায়াত নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী আতিয়ার রহমান, লাল্টু,শুশান্ত, সিদ্ধার্থ, রেজাউল ইসলাম, বিকাশপাল, মোশারফ হোসেন, আব্দুর রফিক, কওছার আলী, ফরিদ উদ্দীনের মুদি দোকান, কম্পিউটার দোকান, পাটের আড়ৎ, পোষ্টঅফিস সহ ১৫/২০ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাঠ শেষে অগ্নি সংযোগ করে লাখ লাখ টাকার ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার সাথে সাথে পুলিশকে বিষয়টি অবহিত করা হলেও তারা সময়মত ঘটনাস্থলে না যাওয়ায় দুর্বৃত্তরা ভাঙচুর লুটপাটে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ করলে মামলা নেয়া হবে।




