চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদার লোকনাথপুর-পরানপুর সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি শক্তিশালী তাজা বোমা, তিনটি পেট্রোল বোমা, একটি শার্টার গান ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে। এছাড়া ৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কের পাশে একটি আমবাগানে পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত ওঁৎ পেতে ছিল। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা লোকনাথপুর গামী পুলিশের টহলরত মাইক্রোবাস আমবাগানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে দুইটি বোমা হামলা চালায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা চারটি তাজা বোমা, তিনটি পেট্রোল বোমা, একটি শার্টার গান ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি ফেলে পালিয়ে যায়।
এদিকে, শনিবার দিবাগত রাতে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিভিন্ন এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকা- ঘটানোর জন্য দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও বোমাগুলো নিয়ে গোপন বৈঠক করছিল।




