বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকার বাবুগঞ্জ উপজেলার ৩ টি ভোট কেন্দ্র বৃহস্পতিবার মধ্যরাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্র , দেহেরগতি ইউনিয়নের ইশ্বর নারায়ন রানী স্কুল হাইস্কুল ও রাকুদিয়া আবুল কালাম ডিগ্রি কলেজ ভোট কেন্দ্র গুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রে আনে এলাকাবাসী । তবে আংশিক ক্ষতিগ্রস্ত হয় এ সকল ভোট কেন্দ্রগুলো।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ থেকে ১২ টার এ সকল ভোট কেন্দ্র গুলোতে নির্বাচনবিরোধী দুর্বৃত্তরা পেট্্েরাল ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ছাড়াও মুলাদী উপজেলার ৩ টি ভোট কেন্দ্রে আগুন দেয়ার খবর জানা গেছে। বিষয়টি নিয়ে পুরো নির্বাচনী এলাকায় ভোটার ও প্রার্থীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী পুরো নির্বাচনী এলাকায় টহল জোরদার করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩ টি ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা তবে এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। ভোট গ্রহণ করায় কোন প্রভাব পড়বে না বলে জানান।




