শ্যামলবাংলা ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আ.স.ম আব্দুর রব ও বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে জোট-মহাজোটের বাইরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নয়া একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা দেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব। এসময় দেশের বিশিষ্ট নাগরিক কবি আল মাহমুদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, সৈয়দ আবুল মকসুদসহ ৩ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নয়াজোটের নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের ঘোষিত একতরফা নির্বাচনের তফসিল বাতিল এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া জোটের ৭ দফা নীতি ও কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৮ দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে নৈতিক সমর্থন দেওয়া হয়। এ কর্মসূচি অহিংস রাখার আহবান জানান তারা।




