শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন পিছিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ড. কামাল হোসেনসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক সংকট অবসানের লক্ষ্য নিয়ে ঢাকায় আসা জাতিসংঘ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর সাথে এক বৈঠক করেন নাগরিক সমাজের ৪ প্রতিনিধি। তারা হচ্ছেন প্রখ্যাত আইনজীবী, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, শাহদীন মালিক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তারানকোর সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তারা।
বৈঠক শেষে বেরিয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ফার্নান্দেজ-তারানকোর তাদের কাছে বাংলাদেশের পরিস্থিতি জানতে চেয়েছেন। তারা বলেছেন, আইনত: নির্বাচন এখনও পেছানো সম্ভব বলে তারা মনে করেন। আমরা বলেছি, সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান দরকার। একতরফা নির্বাচনের এই রেলগাড়িটা থামাতে হবে। এসময় শাহদীন মালিক বলেন, ২০০৮ সালের নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়েছিল। দেশের মানুষ চায় ওইরকম একটি নির্বাচন, যাতে সবার অংশগ্রহণ থাকবে। জাতিসংঘ দূতের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, উনারা নিউইয়র্ক থেকে কোনো ফর্মুলা নিয়ে আসেননি। তিনি সবার সঙ্গে কথা বলবেন। সবাই যেটা চায়, তেমন একটি নির্বাচনই চান তারা।
উল্লেখ্য, সফর শেষে বাংলাদেশ ত্যাগের আগে সাংবাদিকদের সামনে ব্রিফ করার কথা রয়েছে ফার্নান্দেজ-তারানকোর।




