শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, তারা সব দলকে নিয়েই দশম জাতীয় সংসদ নির্বাচনের আশায় রয়েছেন। তিনি ৭ ডিসেম্বর শনিবার দুপুরে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের পর ওই কথা বলেন।
রাজধানীর সোনারগাঁ হোটেলে দুপুর দেড়টার দিকে শুরু হয় এই বৈঠক। প্রায় পৌনে ২ ঘণ্টার বৈঠকের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। আমরা আশা করছি, এই আলোচনার মাধ্যমে সব দলকে নিয়ে নির্বাচন করতে পারব।
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরও ছিলেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মাহাবুব-উল আলম হানিফ, ড. গওহর রিজভী, সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা ও ফারুক খান।
উল্লেখ্য, ৪ দিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।




