শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা (৯৫)। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কালো মানুষের ঝাণ্ডাবাহী ওই নেতা। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশ সময় ভোর ৪ টার সময় জ্যাকব জুমা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, প্রিয় দেশবাসী, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় নেলসন রোহলিহলা ম্যান্ডেলা চলে গেছেন। নিজের বাড়িতেই শান্তিপূর্ণভাবে মারা গেছেন তিনি।
ওই ঘোষণার পরপরই ম্যান্ডেলার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পৃথিবীর একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন আন্তর্জাতিক নেতাসহ বিভিন্ন দেশের নেতারা। এছাড়া ম্যান্ডেলার কোটি ভক্তরা শোক জানিয়েছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার শোক বার্তায় বলেছেন, এই পৃথিবীতে আমরা যাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সবচেয়ে সাহসীদের মধ্যে একজন, সত্যিকারের একজন ভাল মানুষকে আমরা হারালাম। এদিকে নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুসফুস সংক্রমণের কারণে চির সংগ্রামী, কোটি মানুষের প্রিয় নেতা নেলসন ম্যান্ডেলাকে ৮ জুন প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় প্রায় ৮ সপ্তাহ একটানা হাসপাতালে কাটিয়েছে বাড়ি ফেরেন তিনি।
১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। তিনি ১৯৯৪ হতে ১৯৯৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসেবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ সালে তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেফতার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। দীর্ঘ ২৭ বছর কারাবাস শেষে ১৯৯০ সালের ১১ ফেব্র“য়ারী কারামুক্ত হন ম্যান্ডেলা। এরপর তিনি তার দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। গত ৪ দশকে ম্যান্ডেলা ২শ ৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন। এরমধ্যে ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। এছাড়াও তিনি ১৯৮৮ সালে শাখারভ পুরস্কারের অভিষেক পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন।




