জিএইচ হান্নান, শেরপুর : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে শেরপুর জেলা সদরের ৩টি পৃথকস্থানে ৫টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে অবরোধকারীরা। ৪ ডিসেম্বর বুধবার ভোরে ওই অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, অবরোধকারীরা শহরের গৃদানারায়ণপুর এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.আক্কাস আলীর একটি মোটর সাইকেল, শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কুসুমহাটি ও নাগপাড়া এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশা এবং নারায়ণপুর এলাকায় একটি ইজিবাইক আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া শহরের দুর্গানারায়ণপুর এলাকায় অবরোধকারীরা একটি ইজিবাইকও ভাঙচুর করে। এদিকে বুধবার অবরোধ চলাকালে শহরে হালকা যানবাহন চলাচল করলেও জেলার অভ্যন্তরিণ ও দূরপাল্লার রুটে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।




