শ্যামলবাংলা স্পোর্টস : দীর্ঘ মেয়াদে মুশফিকুর রহিমের ওপরই ভরসা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট দলে তার অধিনায়কত্বের মেয়াদ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৭ নভেম্বর বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। গত জিম্বাবুয়ে সফরে একদিনের সিরিজে হারার পর মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও দেশে ফিরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। ওই সফরে ১-১ এ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত মুশফিককে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে রাখার সিদ্ধান্ত হয়। তবে স্বল্প মেয়াদে কাউকে অধিনায়ক না করে বিসিবির আরও বড় পরিসরে ভাবা উচিত বলে ওইসময় জানিয়েছিলেন মুশফিক।
ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব ঘোষণা করা উচিত ছিল কি-না জানতে চাইলে মুশফিক জানান, আমি কখনও প্রস্তাব দিতে পারি না। বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমি চাই, অধিনায়কত্ব যেন দীর্ঘ পরিসরে দেওয়া হয়। এরপর মুশফিকের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে সাফল্য পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ২ টেস্ট ড্র করার পর ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ।
নতুন মেয়াদে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মুশফিক। ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এরপর বছরের মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি। চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে এ টুর্নামেন্ট চলবে ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল ২০১৪ পর্যন্ত।




