মেহের আমজাদ, মেহেরপুর : অবরোধ সফল করতে মেহেরপুরে ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত বিভিন্ন সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় রাজনগর সড়কে পুলিশের সাথে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালায় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য সহ কমপক্ষে ছয়জন আহত হযেছে বলে জানা গেছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল জানিয়েছেন, সকাল ্আটটার দিকে রাজনগরে অবরোধকারীদের সরিয়ে রাস্তা ফাঁকা করতে গেলে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২৩ রাউন্ড শর্টগানের গুলি ও ১ টিয়ারশেল নিক্ষেপ করে।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানিয়েছেন, পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে অবরোধের কারণে জেলার দূর পাল্লা ও আন্তঃজেলার সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।




