ইয়ানুর রহমান : যশোরের ঝিকরগাছায় নিখোঁজ স্কুল ছাত্র রিয়াজুল ইসলাম মিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হবার পর স্বজনরা পুলিশ, সংবাদপত্র, সিটি ক্যাবলসহ বিভিন্ন মাধমে তার সন্ধ্যানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিল। নিখোঁজের ৪ দিন পর অবশেষে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ সদর উপজেলার নারাঙ্গালি গ্রামের খালপাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত মিরাজ ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ঝিকরগাছা বিএম হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, ২০ নভেম্বর বিকালে প্রতিদিনের মতো রিয়াজুল ইসলাম মিরাজ বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে লাউজানি স্কুল মাঠে চালানোর জন্য বের হয়। কিন্তু এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে ২১ নভেম্বর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। অনেক খোজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার তার লাশ পাওয়া গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নারাঙ্গালি গ্রামের খালপাড়ায় অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিরাজের লাশ সনাক্ত শেষে উদ্ধার করে মর্গে পাঠায়েছে। তার শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ণ রয়েছে।




