নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলায় শেষ সময়ে আলুর দাম পেয়ে কিছুটা হলেও লোকসানের হাত থেকে রেহাই পাচ্ছেন। এতে করে সংরক্ষণের শেষ সময়ে এসে অধিকাংশ চাষীর মুখে হাসি ফুটেছে। আর হতাশা কাটিয়ে পুরোদমে নতুন আলু লাগানোর কাজ করছেন। গেল বছর আবহাওয়া অনুকুলে থাকায় ব্যাপক জমিতে আলু চাষ করা হয় এবং ফলনও হয় প্রচুর। হিমাগারে অনেক কৃষকই আলু সংরক্ষণ না করে নিজ বাড়িতেই সংরক্ষণ করেন। তখন থেকেই আলুর দাম ছিল নিæমুখী। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আলুর দরপতন হওয়ায় সংরক্ষণকারী আলু চাষী ও ব্যবসায়ীরা লোকসান দিয়েই প্রতিবস্তা আলু ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় আলু বিক্রি করেন। তবে গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে বৃষ্টিপাতের পর থেকে বাজারে আলুর দাম বাড়তে থাকায় আলু চাষী ও ব্যবসায়ীদের মুখে হাসি দেখা দেয়। যারা আগে বিক্রি করেছেন তাদের গুণতে হচ্ছে মোটা অংকের লোকসান। বর্তমানে আলু প্রতিবস্তা প্রকারভেদে ১ হাজার ৩শ’ টাকা থেকে ১ হাজার ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। এই আলু বেচে কৃষকরা আমন ধান কাটা-মাড়াই ও নতুন আলু লাগানোর কাজ করছেন।




