সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় একটি হোটেলের টয়লেটের দেয়াল চাপা পড়ে নাসিমা খাতুন নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে নাজমা নামের অপর একজন। ১৫ নভেম্বর শুক্রবার রাত আড়াইটার দিকে থানার ধোপাকান্দি এলাকার বিসমিল্লাহ হোটেলে ওই ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন নিলফামারী জেলার সদর উপজেলার তরনী এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। আহত নাজমা নিহতের ছোট বোন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ থেকে নীলফামারী যাবার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি বিসমিল্লাহ হোটেলে শুক্রবার রাতে যাত্রাবিরতি করে হৃদয় পরিবহনের একটি বাস। এ সময় নীলফামারির সদর উপজেলার তরনী এলাকার সিরাজুলের দুই মেয়ে গার্মেন্টস কর্মী নাসিমা ও নাজমা ওই হোটেলের টয়লেটে প্রবেশ করলে রাত আড়াইটার দিকে টয়লেটের দেয়াল ধ্বসে পড়ে। ধ্বসে পড়া দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই নাসিমা নিহত হয়। আহত হয় তার ছোটবোন নাজমা। পরে হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ এবং সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভোর ৫ টার দিকে নাসিমার লাশ ও নাজমাকে উদ্ধার করে।




