আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে আ’লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর শুক্রবার রাতে ওই সংঘর্ষে ৩০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কিছু যানবাহন ভাংচুর করা হয়। এসময় অন্তত: ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত: ৩৫ নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রচন্ড গুলির শব্দে পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে পৌর যুবদলের সদস্য ইমরান হোসেন বাট্টুকে গফরগাঁও রেলষ্টেশনে ছাত্রলীগ নেতা-কর্মীরা মারধর করে থানা পুলিশে সোপর্দ করে। এ খবর ছড়িয়ে পড়লে রাত পৌনে ৯টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পড়ে তারা গফরগাঁও বাজারে প্রবেশ করতে চাইলে আ’লীগ নেতা-কর্মীরা ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষ অন্তত: ৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে সুমন, শামীম, আব্দুল্লাহ, শাকিলসহ ছাত্রদল-যুবদলের অন্তত: ১০ নেতা-কর্মী গুলি বিদ্ধ হয়। এছাড়াও রেল লাইনের পাথর ও ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত: ২৫ নেতা-কর্মী আহত হয়। ঘটনার পর পরই সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




