শ্যামলবাংলা ডেস্ক : এবার ক্রিকেটের ধারাভাষ্যকারের ভূমিকা পালন করলেন বলিউড অভিনেতা আমির খান। তবে কোন সিনেমায় নয়, বাস্তবেই শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচে কিছুক্ষণের জন্য ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন তিনি।
ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে অংশ নেওয়ার জন্য শচীন টেন্ডুলকার তখন ছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের কিংবদন্তি ওই ক্রিকেটারের শেষ ম্যাচটি সশরীরে দেখতে সেখানে হাজির ছিলেন দেশটির গন্যমান্য- খ্যাতিমান অনেক ব্যক্তি। শচীনের দারুণ ভক্ত আমিরও তার ব্যতিক্রম ছিলেন না। তবে তিনি কেবল ম্যাচে উপস্থিত থেকেই ক্ষান্ত হননি, রবি শাস্ত্রী এবং হার্ষা ভোগলের সাথে ম্যাচের এক পর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে কিছুক্ষণের জন্য হয়ে যান ধারাভাষ্যকারও।
ধারাভাষ্য দেওয়ার সময় আমির বলেন, ‘যে মুহূর্তে আমি এ ম্যাচের খবর পেয়েছি; সাথে সাথেই আজকের তারিখের আমার সব কাজ বাতিল করে দিয়েছি। কারণ আমি জানি, কোন কিছুর বিনিময়েই আমি শচীনের শেষ ম্যাচ মিস করতে চাই না। আমি শচীনের মহাভক্ত এবং বাকি সবার মত আমিও বেশ মন:ক্ষুণœ ধোনির ফিল্ডিং-এর সিদ্ধান্তে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেন্ডুলকারের শেষ ম্যাচে তার ব্যাটিং দেখার জন্য অপেক্ষমান দর্শকদের অনেকেই ধোনির ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন।
অপেক্ষা বাড়লেও ভারতের প্রথম ইনিংসে ওপেনার মুরারি বিজয় আউট হয়ে যাওয়ায় ম্যাচের শেষভাগে মাঠে নামেন শচীন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকের সমবেত উল্লাস এবং ওয়েস্ট ইন্ডিজ দলের গার্ড অব অনারের মধ্য দিয়ে ক্রিজে নামেন তিনি।




