চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা ডা. মুহাম্মদ হুমায়ূন কবীরকে গাড়িচালক পদে নিয়োগ দানের না দেয়ার অভিযোগ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে ওই বরখাস্তের কথা জানিয়েছে। পৃথক আদেশপত্রে পরিষদের প্যানেল-১ এর ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে পরিষদের আর্থিক ক্ষমতা দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। অপর এক আদেশপত্রে ৭ দিনের মধ্যে গাড়িচালক পদে নিয়োগেরও নির্দেশ দেয়া হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের গাড়িচালক পদে নিয়োগ কমিটির সুপারিশ মোতাবেক এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও গাড়িচালক পদে নিয়োগ না দেয়ার অভিযোগ উত্থাপিত হয়। এরই প্রেক্ষিতে তদন্তও হয়। এরই এক পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সবুর হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে বরখাস্তের আদেশ সংবলিত ফ্যাক্সবার্তা বৃহ¯পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পৌছায়। এ বিষয়ে ডা. মুহাম্মদ হুমায়ূন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, তবে কোনো কাগজ হাতে পাননি।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সাময়িকভাবে বরখাস্তের ফ্যাক্সবার্তাটি বৃহস্পতিবার সন্ধ্যায় হাতে পেয়েছি।




