দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরে ১৪ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা বলেছেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য সাংবিধানিকভাবে নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী দল যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র দেশের জনগন মেনে নেবে না। জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীকে সংলাপের আহ্বান জানালেও তিনি বাঁকা পথে হাটছেন। তিনি হরতাল দিয়ে মানুষ হত্যা করছেন। এটা কোনো সভ্য রাজনীতি হতে পারে না। তিনি ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দেশব্যাপি বিএনপি-জামায়াতের বোমাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ হত্যার প্রতিবাদে জামালপুর মুক্তমঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ১৪ দলের সমন্বয়কারী এড. বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট জাহিদ আনোয়ার, এডভোকেট আমান উল্লাহ আকাশ, মির্জা সাখায়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, কোষাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক মো. সুরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাশেদা ফারুকী, জেলা জাসদের সহ-সভাপতি এমএল ফারুক, ন্যাপ সভাপতি খায়রুল আলম, কল্যাণ পার্টির সভাপতি কল্যাণ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল আমীন চাঁন, সাধারণ সম্পাদক নাঈম রহমান, জেলা শ্রমিক লীগের আহবায়ক মশিউর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, শ্রমিকনেতা মাহবুব আনাম বাবলা প্রমূখ।
সমাবেশস্থলে যুবলীগ নেতার মৃত্যু

এদিকে মিছিল নিয়ে ১৪ দলের ওই সমাবেশে যোগ দেবার পর সমাবেশস্থলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তুলশীরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুক্তা। তার মৃত্যুতে ভূমিমন্ত্রীসহ সকলেই শোক প্রকাশ করেন।




