শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ডাকে সাড়া দিয়ে তিনি হরতাল প্রত্যাহার করলেন না, আমার কথা মানলেন না, শুনলেন না। এতগুলো জীবন নিয়ে তিনি কি অর্জন করলেন ? ৩০ অক্টোবর বুধবার গণভবনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে অনষ্ঠিত বৈঠকে ওই কথা বলেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোট ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করার পর শনিবার বিরোধী দলীয় নেতার সাথে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রীর। তিনি হরতাল প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি গণভবনে আমন্ত্রণ জানালেও বিরোধী দলীয় নেতা তাকে বলেন, হরতালের পরই তিনি আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন।
দীর্ঘ ওই টেলিফোন আলাপে বেশকিছু বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দুই নেতার মধ্যে। কথোপকথন প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, আলাহ যেন আমাকে আরো ধৈর্য্য দেয়। মানুষের কথা চিন্তা করে, অনেক অবান্তর কথা শুনেছি অনেক অপমান সহ্য করতে হয়েছে । প্রধানমন্ত্রী বলেন, উনার সব কথারই জবাব আছে। আমি চেয়েছিলাম সমঝোতার পথ। কিন্তু উনি তা মানলেন না।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঙালি জাতি মাথা তুলে দাঁড়াবে। কেউ যাতে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে না পারে- সেজন্য সবাইকে সচেতন থাকারও আহবান জানান তিনি। যুদ্ধাপরাধীদের রক্ষা করা বিরোধীদলের আন্দোলনের অন্যতম কারণ মন্তব্য করে তিনি বলেন, বিচার শুরু হয়েছে। সে বিচার করবই। বাংলার মানুষকে অভিশাপ থেকে রক্ষা করব।




