ফেনী সংবাদদাতা : বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে ফেনীতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ভোরে শহরের শিশু নিকেতনের সামনে শিবির কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। ওইসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে এর জবাবে শটগানের গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এসময় শিবিরের ৬ কর্মী আহত হয়।
এদিকে কাছাকাছি সময় শিবির কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পাগলা মিয়া নামক স্থানে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়া হরতালের সমর্থনে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, পাঠান বাড়ি সড়কসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সামছুল আলম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে র্যাব-পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




