দুপচাঁচিয়া(বগুড়া) সংবাদদাতা : ১৮ দলের ডাকে হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালুচ বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে হরতালকারীদের সঙ্গে আওয়ামীলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে উভয় দলের পাঁচ কর্মী আহত হয়েছেন। হরতালকারীরা একটি দোকান ভাংচুর করেছে। আহতদের মধ্যে আ’লীগের কর্মীরা হলেন বাদেশ আলী(৩৯), শাহজাহান(৩৬), গোলাম রসুল(২৮) ও ওয়াজেন আলী(২৪) এবং বিএনপির শ্রমিক দলের কর্মী আফছার আলী(২৭)। আহতদের মধ্যে বাদেশ আলীকে স্থানীয় একটি ক্লিনিক ও শাহজাহানকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
উপজেলার গুনাহার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, আমাদের নেতাকর্মীরা তালুচ বাজারে একটি দোকানের সামনে বসে ছিল। হঠাৎ করে বিএনপির শ্রমিকদলের নেতাকর্মীরা আমাদের কর্মীদের উপর হামলা চালায়। এতে চার কর্মী আহত হয়েছেন।
অপরদিকে গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকেই বাজারের দোকান বন্ধ ছিল। কিন্তু আ’লীগের এক নেতার দোকান জোর করে খুলতে গেলে আমাদের কর্মীরা বাধা দেয়। এসময় আ’লীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। এতে শ্রমিকদলের এক কর্মী আহত হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, দুই দলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।




