শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন পালিত হয়েছে ২৮ সেপ্টেম্বর শনিবার। অন্য ৪ বারের মত এবারও জন্মদিনে তিনি দেশে না থাকলেও জন্মদিন পালনের আয়োজনে ছিল না কোন ঘাটতি। স্মৃতিচারণ, আলোচনা সভা, ৩২ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোকচিত্র প্রদর্শনী, দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, কেক কেটে আনন্দ মিছিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়েই পালিকত হয়েছে দিনটি। নিউইয়র্কেও আওয়ামী লীগসহ প্রবাসী বাঙালী জন্মদিনের ফুলের শুভেচ্ছায় সিক্ত করেছেন জাতির জনকের প্রথম সন্তান শেখ হাসিনাকে। বাংলাদেশ থেকেও টেলিফোনে আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ আছর প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও দলীয় নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনের কর্মকর্তা ও কর্মচারীগণ শরিক হন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের বর্বর হত্যাকান্ডের শিকার অন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, নগরের সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাছিম, আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। মিলাদ শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ এক আলোচনা সভার আয়োজন করে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সড়ক দ্বীপে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজন করে পৃথক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
অন্যান্য সংগঠন : জন্মদিনে শেখ হাসিনা দেশে না থাকলেও আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের অজস্র সংগঠন নানা কর্মসূচীর মাধ্যমে পালন করেছে তার ৬৭তম জন্মদিন। এদিন ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে মিষ্টি বিতরণ, কেক কাটা, আনন্দ মিছিল, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করে।
লালবাগ ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ লালবাগে ৬৭ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর কন্যার জন্মদিন পালন করে। কেক কেটে কর্মসূচীর সূচনা করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
উল্লেখ্য, শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে ৮ দিনের সরকারী সফরে বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন।




