শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। ৩০ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ওই দাবি করেন।
এসময় তিনি নির্দলীয় সরকার দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে মন্ত্রী, এমপি, বিচারপতি ও আইনজীবীদের পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি লক্ষ্য করে হাতবোমা ও গুলি হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে সরকার।
বিএনপির কাঁধে দায় চাপাতে সরকারি দলের সন্ত্রাসীরাই ওইসব হামলা চালিয়েছে এবং ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে সরকার- এমন মন্তব্য করে তিনি বলেন, সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এজন্য জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারের অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগ করা উচিত।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।




