হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচনকালীন অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই বিধান অনুযায়ী ২৫ অক্টোবর তারিখ থেকে শেখ হাসিনার সরকার অবৈধ। তাদের আর এখন ক্ষমতায় থাকার কোন নৈতিকতা নেই। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন চত্বরে ১৮ দলের টানা ৬০ ঘন্টা হরতাল চলাকালে পুলিশের মারমুখী আচরণ, হামলা-মামলা, গ্রেফতার, নির্যাতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, আপনার মারমুখী আচরণে প্রমানিত হয়েছে,্আপনি সরকারী কর্মকর্তা নন, আওয়ামী লীগের একজন পেটুয়া সন্ত্রাসীর মতো বিএনপি সহ ১৮ দলের নেতা-কর্মীদের উপর চড়াও হয়েছেন। সিরাজগঞ্জের জনগণ জেগে উঠেছে আপনি পালাবার পথ খুজে পাবেন না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এড,মোকাদ্দেছ আলী, সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু প্রমুখ। পুলিশ-র্যাব ও বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনি ও টানটান উত্তেজনার মধ্যে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ শান্তিপুর্নভাবে শেষ হয়।




