রংপুর সংবাদদাতা : রংপুরের তারাগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। ২০ এপ্রিল বুধবার সোয়া ১১টায় তারাগঞ্জের ১৩ মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সৈয়দপুরের মোহাম্মদ আলী (৩০) ও আব্দুল মতিন (৩২), দিনাজপুরের ভূষিরবন্দর এলাকার চন্দন রায় (৩৮), তারাগঞ্জের জিন্নাত আরা (৩৮), গঙ্গাচড়ার আকুল মিয়া, নীলফামারীর লিটন মিয়া ও তৃপ্তি পরিবহনের চালক তৈয়ব মিয়া (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে দিনাজপুরগামী সায়মন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৩৮১৭) বাসের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরগামী তৃপ্তি পরিবহন ( ঢাকা মেট্রো- জ ১৪-০৩৫৫) বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ওই ঘটনা ঘটে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বরকতুল্লাহ জানান, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে ১০ জন ও হাসপাতালে দুইজন মারা যান। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এছাড়া আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন বাসযাত্রী শামসুল আলম বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে আমার জ্ঞান হারিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে দেখি হাসপাতালের বেডে আছি।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও উপজেলা নিবার্হী অফিসার জিলুফা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে।




