ঝিানাইগাতী প্রতিনিধি : ‘সবুজ পাহাড়ী বন/হাতিদের আলয়/খাবার খুঁজে না পেলে/ আসে লোকালয়। আসুন হাতি ও হাতির বাসস্থান রক্ষা করি।’ এ শ্লোগানে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন্যহাতির প্রতি সচেতনতা বাড়াতে শেরপুরে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সমশ্চুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় হাতিবন্ধু ক্রীড়া প্রতিযোগিতা। ‘স্ট্রেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রজেক্টের সহায়তায় বনবিভাগ ও আইইউসিএন এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমন্তবর্তী হাতি উপদ্রুত ১০ টি ইউনিয়নের ‘এলিফেন্ট রেসপন্স টিমের’ শতাধিক সদস্য এবং স্কুলের শিক্ষার্থীরা বস্তা দৌড়, ব্যাং দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, মিউজিক্যাল চেয়ার, ফুটবল এবং চিত্রাংকন সহ নয়টি ইভেন্টের খেলাধূলায় অংশগ্রহণ করেন। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা জিল্লুর রহমান আকন্দ। এসময় অন্যান্যের মাঝে বনবিভাগের রাংটিয়া বীট কর্মকর্তা মেজবাউল ইসলাম, বাতকুচি বীট কর্মকর্তা আব্দুল করিম, সমশ্চুরা বীট কর্মকর্তা ইলিছুর রহমান, গোপালপুর বীট কর্মকর্তা মো. হাবীবুল্লাহ, বিজিবি’র সমশ্চুড়া ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. সাইফুল ইসলাম, আইইউসিএন সাইট ম্যানেজার মিজানুর রহমান, রাজীব মাহমুদ, ইউপি মেম্বার রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।




