খোরশেদ আলম,ঝিনাইগাতী (শেরপুর) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশ স্বাধীনের পর শেখ হাসিনার সরকারের আমলে সারাদেশে যে পরিমান উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে তা হয়নি। তিনি ৬ ফেব্রুয়ারি শনিবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের দুঃখ-কষ্ট লাঘবে প্রতিজন মুক্তিযোদ্ধার ভাতা ৫ থেকে ১০ হাজার টাকায় উন্নীত করেছেন। প্রতি ঈদে ১০ হাজার টাকা বোনাসের ব্যবস্থা করেছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের বাসা-বাড়ী নির্মাণ করে দেয়ার সিদ্ধান্তের পাশাপাশি তাদের বিনামূল্যের চিকিৎসার ব্যবস্থা করেছেন। মন্ত্রী আওয়ামী লীগের রাজনীতি, স্বাধীনতা যুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও তাকে হত্যার বিষয়ে স্মৃতি চারণ করতে তিনি বলেন, জিয়াউর রহমানের উপরে মুক্তিযোদ্ধা থাকলেও তার ভেতরে ছিল ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কমিশন গঠন করে মরনোত্তর জিয়াউর রহমানের বিচার করা হবে। মন্ত্রী বলেন, দেশে থেকে যারা বিদেশীদের প্রভূ হিসেবে পূজো করেন, এসব রাজাকার-আলবদরদের এ দেশের মাটিতে তাদের ঠাঁই নেই। শিগরই আইন করে জামাত নিষিদ্ধ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ারও বিচার করা হবে। মানুষ পুড়ে হত্যাসহ নানা দূর্নীতির কারনে খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবদিক থেকে যখন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে ঠিক সে সময়ে দেশে ও দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দেশের সকল নাগরিকের প্রতি এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ও প্রধানমন্ত্রীর জন্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প পরিচালক মাহমুদুল হাসান, যুগ্ম সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড আসাদুজ্জামান আরজু, জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওয়ারীশ, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নূরুল ইসলাম হীরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান প্রমূখ।




