শ্যামলবাংলা ডেস্ক : মালয়েশিয়ার উপকূলে শতাধিক অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলের সেলানগর প্রদেশের সাবাক বারনাম শহরের কাছে উপকূলীয় এলাকায় অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে বলা হয়েছে, ডুবে যাওয়ার নৌকার যাত্রীরা ইন্দোনেশিয়ার নাগরিক। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
মালয়েশিয়ার সমুদ্রসীমা রক্ষায় নিয়োজিত সংস্থার স্থানীয় প্রধান মোহাম্মদ এলিয়াস হামদান এএফপিকে বলেন, ‘স্থানীয় জেলেরা সমুদ্র থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে, যাদের ১৩ জনই নারী। এছাড়া ১৫ জনকে জীবিতও উদ্ধার করেছে তারা।’
নৌকাডুবির এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ডুবে যাওয়ার নৌকার বাকি যাত্রীদের উদ্ধারে ১২টি জাহাজ ও একটি বিমান নিয়ে আমাদের প্রায় ২০০ কর্মকর্তা অভিযানে নেমেছেন।’ এলিয়াস বলেন, ‘খারাপ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাটি ডুবে গেছে বলে আমরা ধারণা করছি।’
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার প্রায় ২০ লাখ মানুষ অবৈধভাবে মালয়েশিয়ায় কর্মরত, যারা মূলত ছোট ছোট নৌকায় করে সমুদ্রপথে দেশ দুটিতে যাওয়া-আসা করে। ডুবে যাওয়া নৌকার যাত্রীরাও এদের মতোই অবৈধভাবে কাজ করার জন্য মালয়েশিয়া যাচ্ছিল বা কাজ শেষে ইন্দোনেশিয়ায় ফিরে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।




