স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৩১ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ মে বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবের জরুরী সভায় সাধারণ সভাসহ ওই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রেসক্লাব কার্যকরী পরিষদের বিদায়ী সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ক্লাব ভবনে অনুষ্ঠিত জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাকন রেজা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, রফিকুল ইসলাম আধার, দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, এম এ হাকাম হীরা, মেরাজ উদ্দিন, এসএ শাহরিয়ার মিল্টন, মুগনিউর রহমান মনি, আবুল হাশিম, শরিফুর রহমান, আব্দুর রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল, মাসুদ হাসান বাদল, আলমগীর হোসেন, সাবিহা জামান শাপলা প্রমুখ।

জানা যায়, ওই জরুরী সভায় প্রেসক্লাবের কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে উঠতে ২০০৯ সনে ২ বছর মেয়াদে গঠিত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের প্রবল দাবির প্রেক্ষিতে সভাপতি ৩১ মে সকালে সাধারণ সভা এবং ওইদিনই দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। একই সাথে সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদলকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিরও ঘোষণা দেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রার্থীদের ব্যাপক তত্পরতা শুরু হয়েছে। এ পর্যন্ত সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে দৈনিক জনকণ্ঠ, বাংলাদেশ বেতার’ এর শেরপুর প্রতিনিধি ও শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধার এবং একুশে টিভি’র শেরপুর প্রতিনিধি শরিফুর রহমানের নাম শোনা যাচ্ছে। তবে শেষ মুহূর্তে বিদায়ী সভাপতি মনিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক কাকন রেজাও সভাপতি প্রার্থী হতে পারেন। এছাড়া সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ইনডিপেনডেন্ট টিভি’র শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিন ও আমাদের সময় প্রতিনিধি সাবিহা জামান শাপলার নাম শোনা যাচ্ছে।




