বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘খাদ্য নিরাপত্তা অর্জনে বাকৃবি ও দেশীয় কৃষি বিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে বিভিন্ন অনুষদের কৃষি বিজ্ঞানী এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাউ) প্রতিনিধিদের অংশগ্রহণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাকৃবির কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড. মাইক রোবসন। এতে বাকৃবির কৃষি বিজ্ঞানীদের বিভিন্ন সাফল্য নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.খন্দকার শরীফুল ইসলাম, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম, পোল্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ বজলুর রহমান মোল্লা, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনারের আয়োজক ড. জাহাঙ্গীর আলম।
সেমিনারে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তায় বাকৃবি সহ দেশীয় কৃষি বিজ্ঞানীরা অগ্রণী ভূমিকা পালন করে চলছে। প্রতি বছর দেশে ভূমির পরিমাণ হ্রাস পেলেও খাদ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত কৃষি উন্নয়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাউ) এর কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে বাকৃবির কৃষি মিউজিয়াম, জার্মপ্লাজম সেন্টার, পোল্টি খামার মাঠ, মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় ল্যাবরেটরী পরিদর্শন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা(ফাউ) এর বাংলাদেশের প্রতিনিধি ড. মাইক রোবসন ও অন্যন্যা কর্মকর্তারা।




