পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : উপজেলার সর্বত্র বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কাল বৈশাখী আঘাত হেনেছে। ঝড়ের তান্ডবে ঘর বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা ভেঙ্গে গেছে। ধান, ভুট্টা, পানের বরজ ও কলা ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

গতকাল শুক্রবার সরকারী ছুটির কারনে ক্ষতির সঠিক চিত্র জানা না গেলেও তা ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এলাকা ঘুরে দেখা গেছে, কলা বাগান, ভুট্টা ক্ষেত, গাছপালা ঝড়ের তান্ডবে মাটিতে লুটিয়ে পড়েছে। গাছের আম বেশীর ভাগ ঝরে পড়েছে। পানের বরজের পার্শ্ব ও উপরের ছাউনি ঝড়ে উড়ে গেছে। উপজেলার বানেশ্বর কলেজের ছাত্রাবাস সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের টিন উড়ে গেছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ জানান, পুঠিয়া উপজেলায় ঝড়ে কোন প্রাণহানী হয়নি কিম্বা কেউ আহত হয়নি।




