আনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের রানীশংকৈলে অজ্ঞাত কারনে ৪টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ধর্মগড়ের আবেদ আলীর ৩টি, রাউৎনগর এলাকায় সুরেশ চন্দ্রের ১টি গরু গত মঙ্গলবার রাতে মারা যায়। তাছাড়া হঠাৎ করে গরু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ছে।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃষক সাইফুল ইসলামের ৫টি গরু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুর কারণ জানতে বুধবার সকালে জেলা প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেন।
তাছাড়া পীরগঞ্জ উপজেলার জাবরহাট বড়বাড়ি এলাকায় খুরা রোগের ব্যাপক আক্রমন দেখা যায়। অন্ধ শরিফউদ্দীনের একটি গরু খুরা রোগে আক্রান্ত হয়। এ রোগ এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপকহারে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর আসল কারণ সনাক্ত করা যাবে।




