নজরুল ইসলাম,সাতক্ষীরা ঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলার সুশিলগাতি এলাকায় বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে সংঘর্ষে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ জামায়াত কর্মীর নাম ফারুক হোসেন (৪৭)। সে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মাদার মোল্যার ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা আবু রায়হান হত্যা, গাছ কাটা, সহিংসতাসহ একাধিক মামলার সন্দিগ্ধ আসামী জামায়াত কর্মী ফারুককে নিয়ে পুলিশ গতরাতে অভিযান চালায়। অভিযান চলাকালে ভোর চারটার দিকে দেবহাটার সুশিলগাতি নামক স্থানে পৌছালে জামায়াত কর্মী ফারুককে ছাড়িয়ে নেয়ার জন্য কিছু দূ®কৃতকারী পুলিশকে লক্ষ্য করে ৭/৮ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে সেখানে ৬ রাউন্ড গুলি বর্ষন করে। পুলিশের গুলিতে এ সময় জামায়াত কর্মী ফারুক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, গুলিবিদ্ধ ফারুক জানান, বুধবার দুপুরে ভাত খাওয়ার সময় পুলিশ তার বাড়িতে অভিযান চালায় এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এপর আজ ভোর রাতে পুলিশ তাকে চোখ বেধে নিয়ে পায়ে গুলি করে।




