শ্যামলবাংলা ডেস্ক : ভারতের ষষ্ঠদশ পার্লামেন্ট (লোকসভা) নির্বাচন শুরু হয়েছে। ৭ এপ্রিল সোমবার শুরু হওয়া ওই নির্বাচনের প্রথম ধাপে আসাম ও ত্রিপুরায় ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম ধাপে সোমবার আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে ৫টিতে এবং ত্রিপুরার দুটি আসনের মধ্যে একটিতে ভোট নেওয়া হচ্ছে। আগামী ১২ মে পর্যন্ত ৯ পর্বে অনুষ্ঠিত হবে ৫শ ৪৩ আসনের লোকসভা নির্বাচন। সব পর্বের ফল ঘোষণা একসঙ্গে ১৬ মে। আসামের ৫ টি আসনে ভোটার সাড়ে ৬৪ লাখ। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৫শ ৮৮টি। এর মধ্যে ১২ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
প্রথম পর্বের এ ভোটে ভারতের কেন্দ্রীয় (ইউপিএ) সরকারের ৩ মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে। তারা হলেন- উপজাতি মন্ত্রী নারী নাড়া (লক্ষ্মীপুর), জোড়হাটের সাবেক কংগ্রেস হেভিওয়েট মন্ত্রী বিজয় কুমার হান্ডিক এবং ডিব্রুগড়ে পবন সিং ঘাটোয়াড়। ত্রিপুরার একমাত্র পশ্চিম ত্রিপুরা আসনে ভোটার ১২ লাখ। সেখানে মোট প্রার্থী ১৩ জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা সিপিএম ও কংগ্রেসের মধ্যে। ওই আসনে তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী রয়েছেন।
জনমত জরিপ বলছে, ওইসব আসনে কংগ্রেস ভালো ফল করবে। ত্রিপুরায় জিতবে সিপিএম। ওইসব আসনে আম আদমি পার্টির কোনো প্রার্থী নেই। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা নরেন্দ্র মোদি বনাম রাহুল গান্ধীর। কংগ্রেস দল ইশতেহার প্রকাশ করে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ভোট গ্রহণ শুরু হলেও বিজেপি এখনও নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি।




