কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, বর্তমানে সাংবাদিকদের লেখার স্বাধীনতা নেই। আমারদেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে এ সরকার। কলম সৈনিক মাহমুদুর রহমান জেলে থেকে ভোগ করছে অবর্ণনীয় কষ্ট। এছাড়া ও দিগন্ত টিভি, ইসলামীক টিভি, চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধ করে দিয়েছে এ সরকার। আর এতে করে হাজার হাজার সাংবাদিক বেকার জীবনযাপন করছে।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে কুষ্টিয়ার দৈনিক হাওয়া পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংস্থায় সরকারের নিয়ন্ত্রনে থাকলেও সাংবাদিক দাম্পতি সাগর-রুনি হত্যাকারীরা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে। এ সরকার এতো কিছু করতে পারে কিন্তু সাংবাদিক দাম্পতির হত্যাকারীদের খুঁজে বের করতে পারছে না।
অবিলম্বে এই হত্যাকারীদের খুঁজে বের করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হাওয়া পত্রিকার প্রকাশক অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা জামায়াতের আমির সাবেক এমপি আব্দুল ওয়াহেদ,ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড.মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি ড.শহিদুল ইসলাম নুরী, সদর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
পরে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
লালন একাডেমির শিল্পিবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।




