শ্যামলবাংলা ডেস্ক : চতুর্থ দফা নির্বাচনে ৯১টির মধ্যে ৪৬টি উপজেলায় ভোটকেন্দ্র দখল করে ক্ষমতাসীন দল ব্যাপক হারে জাল ভোট দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ২৩ মার্চ রবিবার ভোট গ্রহণ শেষে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ওই অভিযোগ করেন। এসময় তিনি বলেন, ৪৬টি উপজেলায় ক্ষমতাসীনরা বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে একতরফা সিল মেরেছে। এসব উপজেলার কেন্দ্রগুলোতে বিরোধী দল সমর্থিত প্রার্থী-সমর্থকদের মারধরের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর নির্বিচার গুলি চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারি দল ভোট ছিনতাই করেছে বলে অভিযোগ তুলে রিজভী বলেন, চতুর্থ দফায় এখন সরকারি দল নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ভোট ছিনতাই করে নিয়েছে। জোর করে চেয়ারম্যান পদ দখল করাই তাদের উদ্দেশ্য। তিনি বলেন, নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারির মধ্যেও ব্যালট বক্স ছিনতাই হয়েছে। রবিবারে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।




