ভোলা প্রতিনিধি : ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দুপুর ১২ টা পর্যন্ত দু‘চারটি কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ধনিয়ার নবীপুর, ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ, বাপ্তার চাচড়া, দক্ষিণ আলীনগর, পূর্ব ইলিশার জাঙ্গালিয়া, পশ্চিম ইলিশার ব্যরিস্টারের কাচারি, ভোলা সরকারি স্কুল কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রের বাইরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিষ্ফোরনের খবর পাওয়া গেছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় সাধারণ ভোটারদের উপস্থিতি একেবারেই কম। অধিকাংশ কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া।
ধনিয়া ইউনিয়নের নবীপুর সাইক্লোন সেল্টার কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদেরকে বের করে দেয়ার ঘটনায় সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গণেষ দেবনাথ জানান, বুথের কাপড় ছিড়ে ফেলায় তিনি কয়েক মিনিটের জন্য ভোট গ্রহণ স্থগিত রেখেছিলেন। পরে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক মিয়া অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতেই ওই কেন্দ্রসহ কয়েকটি ইউনিয়নের ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগ করেন প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছে না।
এদিকে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী ভোলা সদর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুস বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের মত আনন্দ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট দিচ্ছে। বিএনপির কোন সমর্থন ও ভোটার না থাকায় তারা নিজেরাই কেন্দ্র থেকে বের হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য মিথ্যা অভিযোগ করছেন।




